পঞ্চম দিনের প্রথম সেশনে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড। অপরাজিত ফিফটিতে দলকে লড়াইয়ে রেখেছেন কার্টিস ক্যাম্ফার। তাতে বাংলাদেশের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। মিরপুর টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন আরও ২ উইকেট। বাকি আছে দুই সেশন।
মিরপুরে রোববার (২৩ নভেম্বর) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৬৩ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেল আয়ারল্যান্ড। লক্ষ্য থেকে এখনো ২৪৬ রান পেছনে রয়েছে তারা। ২০৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৩ রানে অপরাজিত রয়েছেন ক্যাম্ফার। ৩৮ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন গভিন হোয়ে।
সকালের সেশনে ২ উইকেট তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। একটি তাইজুল ইসলাম, আর অন্যটি মেহেদী হাসান মিরাজ নিয়েছেন।
আগের দিনই জয়ের ভিত গড়ে রেখেছিল বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান ছিল আইরিশদের স্কোরকার্ডে। ক্যাম্ফার ছাড়া আর কোনো জাত ব্যাটার না থাকায় সকালের সেশনেই জয় তুলে নেয়ার লক্ষ্য ছিল লাল সবুজদের। কিন্তু তাকে ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছেন সতীর্থরা। অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করতে ১৪তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ৫৩ বলে ৩ চারের মারে ২১ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি। তাতে টেস্ট ক্যারিয়ারে ২৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার স্পিনার। যা বাংলাদেশের পক্ষে যে কোনো বোলারের এ ফরম্যাটে সর্বোচ্চ অর্জন।
ম্যাকব্রাইনের পর ক্যাম্ফারকে সঙ্গ দেন জর্ডান নেইল। এ উইকেট তুলে নিতে আরও ১৪ ওভার অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করে মিরাজের বলে বোল্ড হন তিনি। তবে হোয়ে নেমে আর ক্যাম্ফারকে সঙ্গ দিয়ে প্রথম সেশনটা বিপদমুক্ত কাটিয়ে দেন। অতিরিক্ত ২০ মিনিট সময় নিয়েও লাভ হয়নি লাল সবুজদের।
দিনের বাকি আছে আরও দুই সেশন। অসম্ভব কিছু না ঘটলে এ ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ শেষ করবে বাংলাদেশ।
এর
আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে লাল সবুজরা। নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম সেঞ্চুরির পর, দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আইরিশরা এখনো ২৪৬ রানে পিছিয়ে রয়েছে।