রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী কর্মশালা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল)সকালে লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি হলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার দুই শতাধিক নেতাকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে শান্তি ফিরে আসবে, প্রশাসনসহ সব সেক্টরে দুর্নীতি কমবে এবং একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটবে।
কর্মশালায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “৩১ দফার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন হবে। একদলীয় শাসন আর চলবে না, জনগণ মুক্তি পাবে এই রূপরেখার মাধ্যমেই।”
তিনি আরও বলেন, “পাশ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে না দেখে বরং একটি নির্দিষ্ট দলকে গুরুত্ব দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে, তারা বাইরের প্রভুত্ব মেনে নেয় না।”