লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সেলিমের বিরুদ্ধে উঠেছে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতির গুরুতর অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, কাকিনা হাট মোস্তফা বিয়া কামিল মাদরাসার শিক্ষক নারায়ণ চন্দ্র রায় এর নিকট থেকে ১৫ লাখ টাকা গ্রহণ করেন মাওলানা আব্দুল কাদের। বিনিময়ে তিনি একটি চেক প্রদান করেন, যা পরে ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।
এছাড়া, ওই একই মাদ্রাসার অধ্যক্ষ সাহেদার রহমানের কাছ থেকেও ইট সরবরাহ বাবদ ২৪ লাখ টাকা নেওয়া হয়। তার চেকও ডিজঅনার হলে, শেষমেশ এই দুই ভুক্তভোগী লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
জানা গেছে, মাওলানা আব্দুল কাদের ও সামসুজ্জামান সেলিম যৌথভাবে একটি ইটভাটা স্থাপন করেন। এরপর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অগ্রিম ইট বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।
অভিযোগ রয়েছে — এই চক্রের প্রতারণার শিকার হয়ে অনেক পরিবার এখন পথে বসেছে। তবে মাওলানা আব্দুল কাদের সিদ্দিকীর দাবি, তিনি কেবল ‘মধ্যস্থতাকারী’ ছিলেন।