লালমনিরহাটের হাতীবান্ধা হাটে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও হাটের জায়গা দখলের অভিযোগ ওঠে আসছিল। এ পরিস্থিতিতে গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সরেজমিনে হাট এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিয়া।
পরিদর্শনকালে তিনি হাটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে হাটের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরাতে ব্যবসায়ীদের আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইতিমধ্যে হাট এলাকার রাস্তা পাকাকরণের কাজও চলছে। নির্বাহী কর্মকর্তা জানান—যারা দীর্ঘদিন ধরে হাটের জায়গায় ব্যবসা করছেন, তাদের টোকেন প্রদান করা হবে এবং উন্নয়নকাজ শেষে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বরাদ্দপ্রাপ্ত দোকান অন্যের কাছে ভাড়ায় দেওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাটের সাধারণ ক্রেতা ও বিক্রেতারা। তাদের প্রত্যাশা—এই পদক্ষেপের ফলে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে ঐতিহ্যবাহী হাতীবান্ধা হাটে।