লালমনিরহাটে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তামান্না জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মৃত বজলে রহমানের কন্যা। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে টাকা ও মোবাইল চুরির কথিত অভিযোগে তাকে এবং কয়েকজন দিনমজুরকে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলাটি তৎকালীন ওসি, ইউএনও এবং উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের যোগসাজশে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন তিনি। তামান্নার ভাষ্য, চার্জশিটে তাকে “মোবাইল চোর” হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন।
তিনি ন্যায়বিচারের স্বার্থে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তামান্নার মা আমেনা শিরিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে তামান্না তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।