তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, তাই এই তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন লালমনিরহাটের মুসল্লিরা ।
সোমবার (২৩ এপ্রিল) দুপুর দিকে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. নাজমুল হুদা।
জানা যায়, সকাল ১০টা থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও পরে দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় হাজারও মুসল্লি। চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন।
বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা বলেন, “অনাবৃষ্টির কারণে বড়খাতা ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিস্কার নামাজ আদায় করেছি, দোয়া করেছি। আল্লাহ যেন এই এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণেও ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে এজন্য আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি বর্ষণ করেন।”