বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল সফরের পথে ভাঙ্গায় পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ভাঙ্গায় সকাল থেকেই আকাশ ছিলো আষাঢ়ের মেঘাচ্ছন্ন। বৃষ্টি চলে আসবে যে কোন সময় এরকম একটা ভাব। তারপরেও রাস্তার দু’পাশে ছিল নেতাকর্মীদের দীর্ঘ সারি। সেই সারিতে অংশ নিয়েছেন ভাঙ্গা সহ আশেপাশের সর্বস্তরের নানা শ্রেণির পেশা মানুষ। প্রধানমন্ত্রী আসবেন, তাই ফুল, ব্যানার, প্লেকার্ড হাতে অপেক্ষায় ছিলেন তারা।
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে এবং ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকেই শত শত নেতাকর্মী মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকেন।
সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহর নিয়ে ভাঙ্গায় পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় প্রধানমন্ত্রী বিআরটিসির গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীরা শহিদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী চাই, দিতে হবে, স্লোগানের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সহ-সভাপতি সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, শহিদুল হক মিরু মুন্সী, কুতুবউদ্দিন স্মরণ, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদ, ওলামা দলের মাওলানা আবু সাঈদ, হাফেজ ক্বারী আল আমিন সহ জেলা ও উপজেলা বিএনপি, ওলামা দল, ছাত্রদল দল, কৃষক দল, মৎস্যজীবী দল, বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সকাল ছয়টা থেকেই দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় বিএনপির মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রী-কর্মীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ভোর থেকেই ভাঙ্গা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, তরুণ-যুবকসহ শত শত নেতা-কর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ছোট ছোট যানবাহনে করে দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এসে জড়ো হন। পরে মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ভাঙ্গাকে এক মিলনমেলায় পরিণত করে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্ধকার ইকবাল হোসেন সেলিম বলেন, "আমরা মালিগ্রাম থেকে শুরু করে চুমুরদি-বাবলাতলা পর্যন্ত মহাসড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রীও সবাইকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।"