রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গত রোববার রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কে সুমি খাতুনের নিজ বাড়িতে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সুমি খাতুন মীর আ. রাজ্জাকের মেয়ে। জানা গেছে, তার স্বামী একজন ব্যক্তিকে একটি অস্ত্রের ব্যাগ তাদের বারান্দায় রাখতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বাসায় এসে বারান্দায় ব্যাগটি রেখে চলে যান। কিছুক্ষণ পর এক নারী ব্যাগটি ঘরে নিয়ে যান এবং ভেতরের অস্ত্রটি দেখে তা নিজের হেফাজতে নেন।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ স্থানীয় এক প্রতিবেশী মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই মহিলার হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেপ্তার সুমি খাতুন তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের উদ্দেশ্যে নিজের হেফাজতে নিয়েছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। পলাতক আনোয়ার হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচ/ইডি