সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে পরিবেশের উপর সচেতনতা সৃষ্টি ও মোড়কজাত ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত জুস এর পরিবর্তে তাজা মৌসুমী ফলের প্রতি কোমলমতি শিশুদের আকৃষ্ট করার লক্ষে গ্রীন ডে সেলিব্রেশান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল এর আয়োজনে শেষ হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।’
এসময় গ্রীন ডে সেলিব্রেশানে শিশুদের গাছের প্রতি ভালবাসা সৃষ্টি করতে ফল গাছের চারা বিতরণ এর পাশাপাশি ক্ষুদে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ফকির মতি, নির্বাহী সদস্য কাউসার আহমেদ টিটু উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নব উদ্দীপনায় মেতে ওঠেন।