মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে নিজেই থানায় হাজির হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) ভোররাতে সুমন ওরফে শাহজাহান (৪৫) নামের ওই ব্যক্তি পুলিশকে জানান, তিনি নিজের স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে মিরকাদিম পূর্বপাড়া এলাকায়। নিহত মিতু আক্তার (২৮) নৈদিঘীর পাথর এলাকার বাসিন্দা মন্টু শিকদারের মেয়ে। অভিযুক্ত স্বামী সুমন রিকারি বাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় আট মাস আগে মিতু ও সুমনের দ্বিতীয় বিয়ে হয়। দুজনেরই পূর্ববর্তী সংসার ছিল—মিতুর তিন সন্তান রয়েছে আগের ঘর থেকে। বিয়ের পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে মিতু বাবার বাড়ি চলে যান, তবে সোমবার তাকে স্বামীর বন্ধুরা আবার স্বামীর ঘরে ফিরিয়ে নিয়ে আসেন।
ওই রাতেই নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুদের উপস্থিতিতে সুমন নিজের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় ধারালো বটি দিয়ে আঘাত করে নিশ্চিত করেন তার মৃত্যু।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার পর সুমন নিজে থানায় এসে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচ/ইডি