গাজীপুরের পূবাইলে নাফিস সরদারের স্মরণে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করে কুদাব যুব সম্প্রদায়।
খেলায় মুখোমুখি হয় কুদাব রাইজিং স্টার ও কুদাব ইয়াং স্টার। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ গোলে কুদাব রাইজিং স্টারকে হারিয়ে জয় পায় কুদাব ইয়াং স্টার।
খেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া, রেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মো. আখতারুজ্জামান ভূইয়া, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন মিয়া, সমাজসেবক মোতাহার খান, প্রবীণ মুরব্বি মনির হোসেন বাসু, যুবদল নেতা শামীম ভূইয়া, মোজাম্মেল হোসেন সুমন মাস্টার, কায়সার হোসেন নয়ন, ইব্রাহিম ভূইয়া ও জুয়েল খানসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
খেলায় দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩–২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কুদাব ইয়াং স্টার।
আয়োজকেরা জানান, নাফিস সরদারের স্মৃতি স্মরণীয় করে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
খেলাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন মো. ইব্রাহিম ভূঁইয়া ও সারাফাত হোসেন সিয়াম। স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।