গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, ছুটি দেড় শতাধিক কারখানায়
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা বিক্ষোভ করেন। কয়েকটি স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সংঘর্ষে বিজিবি সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।
শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।