কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিমসার বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পরে শাড়িগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক মূল্য ৬৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।