নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আলফি নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রদলের কয়েকজন কর্মী।
শনিবার (১৭ মে) রাতে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
আটক যুবক মো. আলফি হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের বাসিন্দা নবীর উদ্দিনের ছেলে।
স্থানীয় ছাত্রদল কর্মীরা জানান, সন্দেহজনক আচরণ এবং কথাবার্তার ভিত্তিতে তারা আলফিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি গাঁজার পোটলা উদ্ধার করেন। এরপর তাকে সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন জানান, অভিযুক্ত যুবকের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, “হাতিয়ায় মাদক প্রবেশ রোধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদকচক্রে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রয়েছে।”