পিরোজপুর জেলা প্রতিনিধি (সাইফুল ইসলাম হাওলাদার)
মৌসুমের শুরুতেই বাজারে তরমুজ উঠলেও এবার দাম চড়া। সাধারণ মানুষের নাগালের বাইরে তরমুজের দাম। ফলে ক্রেতা সংকটে পড়েছেন পিরোজপুরের তরমুজ ব্যবসায়ীরা।
শনিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা বাজারে ঘুরে দেখা যায়, তরমুজের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা নেই। বাজারের দোকানগুলোতে তরমুজ নিয়ে বসেছে ব্যবসায়ীরা। দোকানে অলস সময় পার করছেন তারা।
ফল ব্যবসায়ী মো. নেওয়াজ বলেন, আমরা এখনকার ব্যবসায়ীরা আড়ত থেকে পাইকারি দরে তরমুজ কিনি। কিন্তু এবার আড়ত থেকে বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে। সেখান থেকে ছোট বড় মিলিয়ে প্রতি পিস তরমুজ ৩০০ থেকে ৩২০ টাকা দরে কিনে আনতে হচ্ছে। তাই দামও বেশি চাওয়া হচ্ছে। দাম শুনেই ক্রেতারা চলে যাচ্ছেন।
পিরোজপুর শহরের বাসিন্দা মুরাদ আকন বলেন, তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে। ঠান্ডা ফল হওয়ায় রমজানে এর বেশ চাহিদা রয়েছে। তবে এবার তরমুজের দাম অনেক বেশি যদিও বাজারের দোকানগুলোতে পিস আকারে তরমুজ বিক্রি হচ্ছে কিন্তু দাম অনেক বেশি। তাই ইচ্ছে থাকলেও তরমুজ কিনতে পারছি না।
তরমুজ কিনতে আসা পৌর শহরের নামাজপুর এলাকার বাসিন্দা মেহেদী মাসুদ বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪৫০ টাকা থেকে ৫৫০ টাকা লাগে। একজন নিম্নআয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা এখন স্বপ্নের মতো হয়ে গেছে। তরমুজের দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে হলে ভালো হয়।