বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে একদল দুর্বৃত্ত দ্বারা প্রয়াত এক সাবেক বিচারক এবং তার মাতার বাঁধাইকৃত কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে যে, পিরোজপুর সদর উপজেলার বাদুড়া গ্রামের দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসার কবরস্থানে প্রয়াত সাবেক জেলা ও দায়রা জজ মহিউদ্দিন খান,তার মাতা এবং বোনের কবর ভাঙ্গা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় আব্দুল খালেক সিকদারের ছেলে আব্দুল আলিম সিকদার জানান, দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে মাদ্রাসার কবরস্থানে মহিউদ্দিন খান এবং তার পরিবারের সদস্যদের জন্য জমি কিনে সেখানে তাদের দাফন করা হয়।
সম্প্রতি প্রয়াত মহিউদ্দিন খানের ভাই জাকির খান কবরগুলো ইট দ্বারা বাঁধাই করে কিন্তু সন্ধ্যার পরে মৃত সামসুল হক গাজীর ছেলে মনির গাজী, আব্দুল কাদের গাজীর ছেলে জাকির গাজী, মৃত আব্দুর রশিদ গাজী’র ছেলে সুমন গাজী, মৃত মোজাম্মেল গাজীর ছেলে শহিদুল ইসলাম গাজী সহ ১০-১২ জন শাবল ও ভারী লাঠিসোটা নিয়ে সেগুলো ভেঙে ফেলে।
স্থানীয় আলিম সিকদারের অভিযোগ করেন যে কবর বাঁধাই করার জন্য বড় অংকের চাঁদা দাবি করেছিল অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না পেয়েই তারা কবরগুলো ভেঙে ফেলেছে। জঘন্য এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আলিম সহ স্থানীয়রা।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো: জাকির হোসেন খান।