ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় নির্মিত একটি সেতু বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ এটি দু’পাশে সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, সেতুটির নিচে কোনো খাল নেই, এমনকি আশপাশে পানি চলাচলের কোনো চিহ্নও নেই।
সেতুটির এক পাশে ইট বিছানো সড়ক থাকলেও তা সেতু পর্যন্ত পৌঁছায়নি। একই প্রকল্পের আওতায় নির্মিত আরও কয়েকটি বক্স কালভার্টও খালবিহীন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘বিজেপি’ প্রকল্পের আওতায় ২০১৯ সালের মে মাসে শিমুলতলা বাজার থেকে মানপাশা পর্যন্ত সড়ক ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। এতে ৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার হিসেবে দায়িত্ব পান মহিউদ্দিন আহমেদ এবং তিনি সাব-কন্ট্রাক্ট দেন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে।
চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পুরো সড়ক নির্মাণ হয়নি। ফলে সেতু ও কালভার্টগুলো কোনো কার্যকারিতা পাচ্ছে না। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যেখানে খালই নেই, সেখানে সেতু বানিয়ে কী লাভ? সেতুটি এখন শুধু মাটি ও ঘাসে ঢাকা পড়ে রয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইকবাল কবির জানান, তিনি যোগদানের আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে এটি নতুন একটি প্রকল্পের আওতায় এনে রাস্তার কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুমোদন মিললেই কাজ শুরু হবে বলে তিনি জানান।