ভোলার সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার তিনটি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— পূর্ব ইলিশা ইউনিয়নের তাকরিম (১৬ মাস), আলীনগর ইউনিয়নের আজমাইন (৪) এবং ভেলুমিয়া ইউনিয়নের তাসফিয়া (১৮ মাস)।
স্বজনদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে পরিবারের অজান্তে শিশুরা ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে অনুসন্ধান শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় তাদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, সামান্য অসতর্কতার কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের দিকে বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তারা।
জেএইচ/ইডি