ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনে সংসদে কথা বলার আশ্বাস, কিশোর গ্যাং দমনে তাৎক্ষণিক নির্দেশ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া হাউজে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ঈদ পূর্ণমিলনী ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলার জনপ্রতিনিধি বিপুল ভোটে নির্বাচিত এমপি হাফিজ ইব্রাহিমের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, দৈনিক খবর পত্রিকার সম্পাদক মাহফুজা ইব্রাহিমসহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বিশেষত্ব ছিল সাংবাদিকদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে অংশগ্রহণকারী বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা নির্বাচনী এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক বাহাদুর চৌধুরী দেশের গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে আইনটির বিতর্কিত ধারা বাতিল বা সংশোধনের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সংসদে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
জবাবে হাফিজ ইব্রাহিম বলেন, “গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে ও নির্ভয়ে কাজ করতে পারেন, সে বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে। আমি বিষয়টি সংসদে উত্থাপন করব এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করব। আইনটির বিতর্কিত ধারাগুলো পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি বিবেচনা করা হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও সমানভাবে জরুরি।”
এদিকে সাংবাদিক সাগর চৌধুরী এলাকায় কিশোর গ্যাং ও অপরাধ প্রবণতা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে হাফিজ ইব্রাহিম তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেন। তিনি হাকিমুদ্দি লঞ্চঘাট থেকে রাস্তার মাথা, কাজিরহাট থেকে মুন্সিরহাট এবং টবগী-মনিরাম সড়ক এলাকায় সন্ধ্যার পর সন্দেহজনক চলাফেরা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ দেন। মেডিকেল কলেজ নিয়ে সিনিয়র সাংবাদিক তুহিন খন্দকার এক প্রশ্নের জবাবে এমপি বলেন মেডিকেল কলেজটি বোরহান উদ্দিন ও লালমোহনের মাঝামাঝি স্থাপনের জন্য সংসদে প্রস্তাব রেখেছি ইনশাল্লাহ আশা করি ভোলা জেলার আয়তন বিবেচনা করে প্রস্তাব খানা রাখবেন।
সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পূর্ণমিলনী ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান গণমাধ্যম ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
মোঃ আরিফুল ইসলাম ফারহান
স্টাফ রিপোটার
মোবাইল -০১৯৪৩৩৪৭২১১.