পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী জেএইচ ক্লাসিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে পটুয়াখালীগামী জেএইচ ক্লাসিক পরিবহনের বাসটি শরীফবাড়ী স্ট্যান্ডে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় খুলনার অপরাজিতা, জয়পুরহাটের নাহিদা সুলতানা, কুমিল্লার সুলতানা পারভীন, খুলনার নুসরাত জাহান, এবং রনজিৎ ও দুলাল চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গুরুতর আহত তিনজন—অপরাজিতা, রনজিৎ এবং সুলতানা পারভীন—কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী সুলতানা পারভীন বলেন, “কুয়াকাটা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে হঠাৎ বাসটি খাদে পড়ে যায়। খুব ভয় পেয়েছিলাম। অনেক যাত্রী আহত হয়েছেন।”
আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, “চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”