ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশিত হতে যাচ্ছে আসিফ আকবরের নতুন গান ‘কষ্ট ভীষণ’। গানটির কথামালা সাজিয়েছেন জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, আর সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। মনোরম লোকেশনে, রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে গানটির চিত্রায়ন করা হয়েছে। আর এতে আসিফ আকবরের সঙ্গে জুটি বেঁধেছেন মডেল মৌরী মাহদী। তাদের অনন্য রসায়ন দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে।
ভালোবাসা দিবসের এই নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ আকবর। তিনি বলেন—
‘গানটিতে শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের অসাধারণ কথা, টুটুল ভাইয়ের মন ছুঁয়ে যাওয়া সুরের সঙ্গে পার্থ দা’র অনবদ্য সঙ্গীতায়োজন গানটিকে এক নতুন মাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি, “কষ্ট ভীষণ” শ্রোতাদের ভালোবাসা দিবসকে এক অন্যরকম আবহ এনে দেবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি, দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।
ভালোবাসার দিনে হৃদয়ের অনুভূতি প্রকাশের জন্য ‘কষ্ট ভীষণ’ হয়ে উঠবে এক অবিচ্ছেদ্য সঙ্গী—এমনটাই আশা করছেন আসিফ আকবর ও তার ভক্তরা!