বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতাল সমর্থনকারীরা সকালেই ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
হরতালের কারণে সকাল থেকে উপজেলা সদর ও আশপাশের এলাকায় দোকানপাট বন্ধ দেখা গেছে। শুধু জরুরি প্রয়োজনে কিছু ফার্মেসি খোলা রাখা হয়েছে। ফকিরহাট বিশ্বরোড মোড়, কাটাখালী চত্বরসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বিকল্পভাবে গ্রামীণ সড়ক দিয়ে সীমিত আকারে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান চলাচল করছে।
বিক্ষোভ ও অবরোধ
হরতাল সমর্থনকারীরা সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, কাঠের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তবে অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়েছে।
রাজনৈতিক দলের অংশগ্রহণ
হরতালের এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল না রাখা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ মাঠে ছিল সতর্ক অবস্থানে।