৬৯-এর গণ-আন্দোলনের শহীদ আসাদুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, "আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অনন্য নাম। তিনি ছিলেন এক অকুতোভয় বীর যোদ্ধা, যিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।"
সোমবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, "শহীদ আসাদের রক্তের স্রোত স্বৈরশাসনের পতনকে ত্বরান্বিত করেছিল এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর আত্মত্যাগ আমাদের পরবর্তী আন্দোলন-সংগ্রামে বারবার প্রেরণা জুগিয়েছে।"
তারেক রহমান আরও বলেন, "আজকের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং গণতন্ত্রকে শক্তিশালী করার কাজকে আমি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি।"
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"