নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করে পুলিশ মিডিয়া ট্রায়াল করছে। এমন অভিযোগ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (১৩ নভেম্বর) সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে মৃত ব্যক্তিদেরও নাশকতার মামলায় আসামি করার সমালোচনা করেন ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত- গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিকেলে রামপুরা থানাধীন ডিআইটি রোডে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ২৪১ জনের বিরুদ্ধে মামলা করেন রামপুরা থানার এসআই আব্দুল জলিল।
আরও পড়ুন- ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাশায় বে টার্মিনালের মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছেন প্রধানমন্ত্রী
মামলায় এজাহারনামীয় ৮৮ নম্বর আসামি করা হয় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক নাসির রহমানকে (৪৫)। মামলা করার দুই দিন পর তা সংশোধনের জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই শ্রী চম্পক চক্রবর্তী।
এ বিষয়ে মামলার বাদী আব্দুল জলিল বলেন, এজহারে ভুলবশত নাসিরের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহন কম ছাড়লেও অভ্যন্তরীণ যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক৷ বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গণপরিবহনের সংখ্যা৷ কোথাও কোথাও যানজটের দৃশ্যও ছিলো। রাজধানী জুড়ে নিরাপত্তা বলয় থাকলেও আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মাঝে৷
এছাড়াও অবরোধের মধ্যেই সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় মামুন মজুমদার নামে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদককে আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে যাত্রীবেশে পেট্রোল নিয়ে বাসে উঠেছিলেন বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক মোসতাক।

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর প্রতিটি মোড়েই শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও সহিংসতা হয়েছে দেশের বিভিন্ন জায়গাতে। দিনাজপুরে আগুন দিয়ে পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। মোল্লারচর ও পাঁচরুখী ব্রিজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এছাড়া, বগুড়ায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন- বিএনপি-জামায়াতের হরতাল,অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাসের দুই প্রান্তে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফেনীর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামের একাধিক স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
ইসময়/একে/এমআরএম