গত
কয়েক দিন ধরেই শীতের আমেজ অনুভূত হচ্ছিল রাজশাহীসহ আশপাশের অঞ্চলে। শীত যেন কড়া নাড়ছিল দরজায়। তবে তাপমাত্রার খুব বেশি হেরফের ছিল না। এদিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
রোববার হঠাৎ করে এক লাফে নেমে গেছে রাজশাহীর তাপমাত্রা। রোববার সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা নেমে যায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারের রাজশাহীর এ তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। ভরা শীতকালেও রাজশাহীতে এ ধরনের তাপমাত্রা বিদ্যমান থাকে।
তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় রোববার সকালে নগরীর মানুষকে গায়ে গরম কাপড় জড়াতে দেখা গেছে। ভোরের দিকে কিছু সময় নগরীজুড়ে কুয়াশার চাদর পড়ে। সূর্য উঠলে তা কেটেও যায়।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত কয়েক দিন ধরে রাজশাহীর তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী ছিল। গত ৬ নভেম্বর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কিছুটা কমে তা নেমে আসে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার আরও কমে দাঁড়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রিতে। রোববার তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি নামায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে উত্তরের এই নগরীতে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, উত্তরের হিমেল হাওয়া আসতে শুরু করেছে। পরিষ্কার আকাশের কারণে রাতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাজশাহীতে শীতের অনুভূতি বেশ টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিনে রাজশাহীসহ আশপাশের এলাকাগুলোতে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা আছে। রোববার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এই
কর্মকর্তা আরও বলেন, গত বছর নভেম্বর মাসের শেষের দিকেও রাজশাহীর তাপমাত্রা গড়ে ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল। এ বছর বৃষ্টিপাত বেশি হয়েছে। শীত কিছুটা আগেই আসছে বলে মনে হচ্ছে। এ মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।