নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিনের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নড়াইল শহরসংলগ্ন এস এম সুলতান সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের নাম রমজান। তিনি নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে।
জানা যায়, চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইটভাঙা গাড়ি নিয়ে চার সহযোগীসহ নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে এস এম সুলতান সেতুর পশ্চিম প্রান্তে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান তার নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।