আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চল দাবানলে পুড়ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। দেশটির দীর্ঘতম হাইওয়ে দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এরইমধ্যে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো অঞ্চল। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। দাবানলে পুড়ে যাচ্ছে আর্জেন্টিনার পাতাগোনিয়ার বনের পর বন। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন জরুরী ফায়ার সার্ভিস কর্মীরা। তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। অগ্নিনির্বাপক বিমান দিয়েও বাগে আনা যাচ্ছে না আগুন। ধোঁয়ার তীব্রতার কারণে আন্দিজ পর্বতমালার দীর্ঘতম হাইওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঐ এলাকার বনাঞ্চলে শুকনো উপাদান অনেক বেশি থাকায় আগুনের মাত্রা বেড়েই চলেছে। দাবানল খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে।
এরইমধ্যে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্যে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।