বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ করিডোর রয়েছে, যেগুলো ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি এই করিডোরগুলো বন্ধ হলে ‘রংপুর’ এবং ‘চট্টগ্রাম’ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলাদেশের মানচিত্র প্রকাশ করে শর্মা বলেন, “যারা ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেন, তাদের জানা উচিত—বাংলাদেশেও রয়েছে দুটি চিকেন নেক, যেগুলো আরও বেশি স্পর্শকাতর।”
তার দেওয়া তথ্যমতে, প্রথম করিডোরটি ‘উত্তর বাংলাদেশ করিডোর’, যার দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। এটি ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত। এই পথে বিঘ্ন ঘটলে রংপুর বিভাগ দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
দ্বিতীয় করিডোরটি চট্টগ্রাম করিডোর, যা ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করে রেখেছে। মাত্র ২৮ কিলোমিটার দীর্ঘ এই করিডোর নিয়ে শর্মা বলেন, “এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে।”
ভারতের শিলিগুড়ি করিডোরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বাংলাদেশের এই করিডোরগুলোও ঠিক ততটাই কৌশলগত গুরুত্বপূর্ণ এবং সুরক্ষা ঝুঁকির মুখে। তাই ভারতের উচিত তার নিজস্ব করিডোরকে আরও শক্তিশালী করা এবং বিকল্প পথের সন্ধান করা।
এই মন্তব্যে বাংলাদেশে কূটনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচ/ইডি