জাতিসংঘে ইসরায়েলকে ‘তুলোধুনো’ করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া
ইসময় বিশ্ব ডেস্ক
eshomoy.com || 2025-06-21
সংগৃহীত ছবি
ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা নিয়ে জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এই চার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েলকে কড়া ভাষায় অভিযুক্ত করে বলেছে, এমন আগ্রাসন ‘গোটা অঞ্চলকে অস্থিতিশীল’ করে তুলতে পারে।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মূলত এই চার দেশের অনুরোধেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।”
চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এতে গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।”
পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ বলেন, “ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন শুধু ইরানের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যও হুমকি।”
আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদজামা বলেন, “এই হামলা বিনা উসকানিতে ও অযৌক্তিকভাবে চালানো হয়েছে, যা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।”
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে।
জেএইচ/ইডি