উত্তরাখণ্ডের উদম সিং নগর জেলার একটি বেসরকারি স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুরু নানক স্কুলে এক শিক্ষককে পেছন দিক থেকে গুলি করে এক ছাত্র, গুলিটি তাঁর ঘাড়ে আটকে যায়।
গ্যাঙ্গানদীপ সিং কোহলি নামের ঐ শিক্ষক পদার্থবিদ্যা পড়ান। পুলিশ জানায়, তিনি কয়েকদিন আগে এক ছাত্রকে চড় মেরেছিলেন। বুধবার (২০ আগস্ট) সেই ছাত্র তার টিফিন বক্সে করে একটি বন্দুক নিয়ে আসে এবং শিক্ষক মিস্টার কোহলিকে পেছন দিক থেকে গুলি করে।
শিক্ষক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। তাঁর চিকিৎসায় নিয়োজিত ডাক্তার মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছেন, গুলি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে মিস্টার কোহলির অবস্থা স্থিতিশীল এবং তাঁকে আইসিইউতে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম সমরথ বাজওয়া। সে তার লাঞ্চ বক্সের ভিতরে একটি পিস্তল লুকিয়ে স্কুলে নিয়ে আসে। এই ঘটনা ঘটে মধ্যবিরতির পর, যখন কোহলি স্যার শ্রেণিকক্ষ ছেড়ে বের হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই সময়েই ছাত্রটি টিফিন বক্স থেকে বন্দুক বের করে শিক্ষককে গুলি করে।
ছাত্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেওৎঅন্যান্য শিক্ষকরা তাকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, ওই নাবালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। কিশোর ছাত্রটি কীভাবে বন্দুক সংগ্রহ করল, সে বিষয়েও তদন্ত চলছে। পিস্তলটি জব্দ করা হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি, ২১ আগস্ট।