রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে রোববার কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে ১ মার্চ বিবিসি এ তথ্য জানিয়েছে।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করছে।
তিনি বলেন, ‘অনেক লোক মারা গেছে। বর্তমানে, প্রায় ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য কবরস্থানে জায়গা প্রস্তুত করা হচ্ছে।’
‘কিন্তু শত্রুও তার যা প্রাপ্য তা পাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক রাশিয়ান মৃতদেহ’ ছিল, যা এখন রেড ক্রসকে দেওয়া হচ্ছে।
তার দাবি স্বাধীনভাবে যাচাই করেনি বিবিসি।
ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রাশিয়ার বিশাল সেনাবহর এগিয়ে যাচ্ছে। ১ মার্চ সিএনএনের খবরে বলা হয়েছে, ৪০ মাইল দীর্ঘ সেনাবহরটি কিয়েভ অভিমুখে যাচ্ছে।
ম্যাক্সার টেকনোলজির দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিশাল ঐ বহর কিয়েভের দিকে যাচ্ছে।
এর আগের খবরে বলা হয়েছিল, ১৭ মাইল লম্বা ওই সেনাবহর কিয়েভ অভিমুখে অগ্রসর হচ্ছে।
এর আগে রোববার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল।
সে সময় ম্যাক্সার জানায়, সেনাবহরে অস্ত্রসজ্জিত যান, ট্যাংক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে।