চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় ১৫ লাখ নির্মাণশ্রমিক সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজফার্স্ট এ তথ্য জানিয়েছে।
নিউজফার্স্টের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রতিটি খাতেই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে। বাদ যায়নি নির্মাণ খাতও।
১৭ জুলাই (রোববার) ন্যাশনাল বিল্ডারস অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কার চেয়ারম্যান এম ডি পাল জানিয়েছেন, দেশটির নির্মাণ খাত থেকে ১৫ লাখ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় প্রতিনিয়ত নির্মাণসামগ্রীর মূল্য বেড়ে চলেছে। তার মধ্যে বালি ও সিমেন্টের মূল্য প্রতিদিনই বাড়ছে। এ পরিপ্রক্ষিতে নির্মাণ খাতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
স্বাধীনতার পর শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, দেশটির দুর্নীতিগ্রস্ত নেতারা বিদেশ থেকে বিপুল ঋণ নিয়েছে। উচ্চসুদে নেওয়া ঋণ শোধ করতে না পেরে সরকার দেশকে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক অবকাঠামোয় ধস নামার ফলে রাজাপাকসেরা ব্যাপক বিক্ষোভের মধ্যে গদি ছাড়তে বাধ্য হয়েছে।