ভারতে পুনেতে এক জলপ্রপাতে ভেসে গেছেন একই পরিবারের পাঁচ জন সদস্য। তাঁদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। রোববার (৩০ জুন) পুনের লোনাভালায় ভূশি বাঁধের কাছে এক জলপ্রপাতে এ ঘটনা ঘটে।
ছুটির দিনে সেখানে পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের পাঁচ জন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় জলপ্রপাত। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন তারা। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যান।