জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ড. ইউনূসের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টাকে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
গুতেরেস উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এই সংকটময় সময়ে সহিংসতা বন্ধ করা, জবাবদিহিতা নিশ্চিত করা, এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
গত ১৬ আগস্ট ড. ইউনূসের কাছে পাঠানো এই চিঠিতে গুতেরেস আরও বলেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং যেকোনো প্রয়োজনে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং কান্ট্রি টিমের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
জাতিসংঘ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।’ তিনি আশা প্রকাশ করেন যে, ড. ইউনূসের সরকার যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকেও অন্তর্ভুক্তিমূলক পন্থায় বিবেচনা করবে।
গুতেরেস উল্লেখ করেন, সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি ড. ইউনূসের সরকারের ওপর নির্ভর করছেন। এছাড়াও, রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ড. ইউনূসের প্রতি আহ্বান জানান, বিশেষ করে মিয়ানমারের পরিস্থিতির অবনতি হওয়ায় এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, এবং এই সময়ে ড. ইউনূসের নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।