ঈদুল আজহা সামনে রেখে বেড়েছে প্রবাসী আয়। প্রিয়জনদের জন্য অতিরিক্ত খরচ মেটাতে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার ৫৩১ কোটি টাকার বেশি। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আয়।
গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২২৫ কোটি ডলার। সেই হিসেবে এক বছরে প্রবৃদ্ধি প্রায় ৩২ শতাংশ। এর আগে, চলতি বছরের মার্চ মাসে ঈদুল ফিতরের আগে এসেছিল রেকর্ড ৩২৯ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদের সময় কোরবানির পশু কেনা, উপহার, পোশাক ও পারিবারিক খরচ মেটাতে প্রবাসীরা বাড়তি অর্থ পাঠান। এবারও সেই ধারা বজায় রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স দেশের গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে বড় ভূমিকা রাখছে। নগদ অর্থের সরবরাহ বাড়ায় ব্যবসা-বাণিজ্যেও গতি আসছে।
সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে বিভিন্ন প্রণোদনা চালু রেখেছে। ডিজিটাল ব্যাংকিং সহজ হওয়ায় এখন অনেকে হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল ব্যবহার করছেন।
২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৭৫০ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৭ শতাংশ বেশি। আগের বছর এই সময়ে এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ডলার।
জেএইচ/ইডি