ফেনীর সদরে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, ‘দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূলভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছেন। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।
এ বিষয়ে ফেনীর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফেনীর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের কারণ আর ক্ষতি নিরূপণ করতে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।