ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি তদন্তে ইতালীয় পুলিশের একটি বিশেষ শাখা কাজ শুরু করেছে।
জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল ব্যক্তির হাতে হেনস্তার শিকার হন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন তিনি। তার অভিযোগ, তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা জানানো হয়েছে। বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।