নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি
ভোক্তাদের জন্য পণ্যের তালিকা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর অংশ হিসেবে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৩০ অক্টোবর) টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পাশাপাশি টিসিবির নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই নতুন পণ্য যুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে সংস্থাটি সাবান ও ডিটারজেন্ট বিক্রি শুরু করেছে। আগামী নভেম্বর থেকে হলুদ ও মরিচের গুঁড়া বিক্রির পরিকল্পনা রয়েছে। একই মাসে চা বাজারে আনারও প্রস্তুতি চলছে।
টিসিবি চেয়ারম্যান জানান, নতুন পণ্যগুলো প্রচলিত বাজারদরের তুলনায় কম দামে বিক্রির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আটা বিক্রির বিষয়টিও বিবেচনা করছে সংস্থাটি। বাজারের চাহিদা যাচাই করে ভবিষ্যতে আরও কয়েকটি পণ্য যুক্ত করা হতে পারে।
টিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার লক্ষ্য রয়েছে।