সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নে এক মহিলা মেম্বারের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মেম্বার ফারজানা আক্তার জেবিনের চরুগাঁও এলাকার বাসায় এই ঘটনা ঘটে।
এতে ২ জন আহত হয়েছেন। তারা হলেন, ফারজানা আক্তার জেবিনের স্বামী জয়নাল আবেদিন (৪০) এবং তার কন্যা তানিসা আক্তার (৯)।
ফারজানা আক্তার জেবিন অভিযোগ করেন, কয়েকদিন আগে তাঁর শ্বশুরের ক্যান্সার ধরা পড়ে। তাকে নিয়ে ঐদিন ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিলো। সন্ধ্যায় জসিম, সেলিমসহ ৫জন তাদের বাসায় আসে এবং তাঁর স্বামীর উপর হামলা চালায়। এতে তাদের ৯ বছরের শিশু কন্যাও আহত হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে তাঁর শ্বশুরের চিকিৎসার জন্য উনার দেবর মোটরসাইকেল বিক্রি করেন। মোটরসাইকেল বিক্রির দেড় লক্ষ টাকাসহ টেন্ডারের কিছু টাকা ঘরে ছিলো হামলাকারীরা তা লুট করে নিয়ে গেছে।
তিনি জানান, তাঁর স্বামী সন্তান হাসপাতালে ভর্তি। তারা সুস্থ হলে থানায় মামলা দায়ের করবেন।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানস্থল পরিদর্শন করেছে। পাওনা টাকার জের ধরে এই ঘটনা ঘটেছে। মেম্বারের স্বামী জয়নাল আবেদিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে শিশুসহ ২ জন আহত হয়েছেন। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।