সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন মিরাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানটি পরিচালিত হয় হোটেল ‘জাহান’-এর নিচতলার ১০২ নম্বর কক্ষে। উক্ত অভিযানে আটককৃতরা হলেন—হুমায়ুন রশিদ (৩২), দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫), যিনি উক্ত হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং সাগরিকা দেব (২৭)।
অভিযান শেষে কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারা অনুযায়ী একটি নন-এফআইআর (নং-৩১৫, তারিখ: ২৯/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ শহরে অনৈতিক কার্যকলাপ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) একই অভিযোগে নগরীর তালতলা থেকে আরো ৬ জনকে আটক করা হয়েছিল।