সিলেটে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ঘটল মধ্যরাতে হত্যাকাণ্ড। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলী এলাকায় ছুরিকাঘাতে প্রাণ হারান রনি হোসাইন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, রনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকে দেওয়া কিছু পোস্টকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর নাম উঠে এসেছে। এলাকাবাসীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজুকে উদ্দেশ করে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার এএসআই জামাল উদ্দিন আহমদ জানান, রাজু নামের এক তরুণের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য মিলেছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে এবং মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নিহত ও অভিযুক্ত উভয়ের রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করেনি।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগের মূল ফটক তালাবদ্ধ ছিল। প্রায় আধা ঘণ্টা ডাকাডাকির পর তালা ভাঙার চেষ্টা করলে একজন এসে দরজা খুলে দেন। তখন কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।