এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন (২২) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে এসআই (নিঃ) জুয়েল চৌধুরীর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট থানাধীন পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন, পিতা-মৃত নিজাম উদ্দিন, মাতা-রাবেয়া বেগম, সাং–বিন্না কান্দি, পোঃ বননগর, থানা–গোয়াইনঘাট, জেলা–সিলেটের বাসিন্দা।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৫ তারিখে সিলেটের খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব শত্রুতার জেরে আব্দুল কাদের আজাদ (২৮) খুন হন। নিহত আজাদ গোয়াইনঘাট থানাধীন বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। অভিযোগ অনুযায়ী, দেলোয়ার পূর্বপরিকল্পিতভাবে আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন এয়ারপোর্ট থানা পুলিশ তৎপরতা চালিয়ে দেলোয়ারের ব্যবহৃত মোটরসাইকেলসহ মোট দুইটি মোটরসাইকেল জব্দ করে। পরবর্তীতে ১৪ আগস্ট ২০২৫ তারিখে নিহতের মা এয়ারপোর্ট থানায় দেলোয়ারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর–১২, ধারা–৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬/৩৪ অনুযায়ী মামলাটি রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।