বৃষ্টি নামলেই সবাই দিগ্বিদিক ছুটতে থাকে। যে যার মত নিরাপদ জায়গায় যান। কিন্তু সোমবার বিকালে সিলেটে যখন বৃষ্টি নামল কেউই যেন ঘরে বসতে পারলেন না। যে যেখানে ছিলেন সেখান থেকেই বৃষ্টি ভিজেছেন মনের আনন্দে। ছোট ছোট শিশু কিশোর ও খেটে খাওয়া মানুষজনই এই বৃষ্টি গায়ে মেখেছেন বেশি।
সারাদেশে হিট এলার্ট জারি হলেও সিলেট নেমেছে স্বস্তির বৃষ্টি। এই তীব্র গরমে ঝড়ো হাওয়ার সাথে মুষলধারের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে ঝরেছে।
বিগত কয়েকদিন ধরেই সারা দেশে প্রখর তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে জনজীবন এক রকম বিপর্যস্ত। তবে সিলেটে কিছুটা ব্যতিক্রম ছিল আবহাওয়া। সারাদিনই প্রখর রোদ ছিল না সিলেটে। আকাশে ছিল মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। রোববার এর ব্যতিক্রম ছিল না। মেঘ ও সূর্যের লুকোচুরি খেলার মাঝেই বিকালে নামে স্বস্তির বৃষ্টি।