মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্টে জয় লাভের পর আগামীকাল ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবারের মিশন ক্রাইস্টচার্চ জয়। এই ম্যাচে ড্র করলেই নতুন ইতিহাস গড়বে টাইগাররা। ঘরের মাঠে কিউয়িদের মোকাবিলা করতে প্রস্তুত মুমিনুলরা।
নতুন বছরের শুরুটা বাংলাদেশের জয় দিয়ে। প্রথম টেস্টে ৮ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের পেসাররা যেমনটা দাপট দেখিয়েছিল ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও তেমন সুবিধা পাবে পেসাররা। ক্রাইস্টচার্চে সবুজ উইকেট থাকায় বাংলাদেশও চাইবে উইকেটের সুবিধা নিতে। ইবাদত তাসকিন শরিফুলরা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই জয়ের পথ সহজ হবে।
আজ শনিবার নিউজিল্যান্ড থেকে দ্বিতীয় টেস্ট জয়ের আশা ব্যক্ত করে একটি ভিডিও বার্তা পাঠান পেসার তাসকিন আহমেদ। তাসকিন বলেন, 'গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশন হয় নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিলো। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকের ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি আল্লাহর রহমতে।
আজ রাত সাড়ে তিনটায় টস অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শুরু হবে ক্রাইস্টচার্চ টেস্ট। নিজেদের প্রস্তুতি নিয়ে তাসকিন আরও বলেন, 'কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। ওভার অল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।'
মাউন্ট মঙ্গানুইয়ে গুরুত্বপূর্ণ টসে জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্রাইস্টচার্চের এ মাঠেও টসটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ডমিঙ্গো, 'টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরিসংখ্যান বলে, গত ১০ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল (৮ ম্যাচে ২ বার জিতেছে আগে ব্যাটিং করা দল, তবে টসে জিতে এখন পর্যন্ত কেউ ব্যাটিং নেয়নি)। এখানে প্রথম ইনিংসে ২৬০-২৭০ (২৮২) রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।'