মেসির দুর্দান্ত পারফরম্যান্সে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে গোল করেছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।
ম্যাচটি অনুষ্ঠিত হয় উত্তর হন্ডুরাসে স্থানীয় সময় রাত ৮টায়। তবে তার আগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা।
ম্যাচের ২৭ মিনিটে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে যান লুইস সুয়ারেজ। তিনি সঙ্গে সঙ্গে মেসিকে পাস দিলে, খুব সহজেই বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা।
প্রথমার্ধের বাকিটা সময়েও মেসির জাদু চলতে থাকে। রডোনডো ও নোয়াহ অ্যালেনের গোলের সহায়তাকারী ছিলেন মেসি।
দ্বিতীয়ার্ধের মাত্র ১০ মিনিটের মধ্যেই গোলের তালিকায় নাম তোলেন লুইস সুয়ারেজ। বেঞ্জামিন ক্রেমাশ্চির বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।
এরপর, ৭৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন রায়ান সেইলর।
এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছে ইন্টার মায়ামি। আগামী ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তারা মুখোমুখি হবে স্পোর্টিং কেসির বিপক্ষে। আর ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এমএলএস অভিযান।