ইংল্যান্ডের কাছে অল্প ব্যবধানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ
সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতের বিশাখাপত্তনমের ড. ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দারুণভাবে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুটি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের পর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
আট
দলের টুর্নামেন্টে বর্তমানে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে। তারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছিল, তবে এরপর নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুটি জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য দল আত্মবিশ্বাসী, তবে ব্যাটিং পারফরম্যান্সে উন্নতির প্রয়োজন রয়েছে।