দৌড়াতে দৌড়াতে একটা লাফ, মাটিতে পা পড়ার পর বুকে দুই হাত রাখা। কখনও কখনও লাফ না দিয়ে বুকে হাত রেখে স্লাইড। এই দুটোই কিলিয়ান এমবাপ্পের উদ্যাপনের পরিচিত ধরন। শনিবার ব্যতিক্রমী উদ্যাপন দেখা গেল তার।
গতকাল শনিবার লা লিগায় এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সেভিয়ার মুখোমুখ হয়েছিল। শাবি আলোনসোর শিষ্যদের এটা বছরের শেষ ম্যাচ। যেখানে জয় পেয়েছে ২-০ গোলে। প্রথমার্ধে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল করেন এমবাপ্পে। স্পটকিক থেকে গোল করেন বার্থডেবয়।
এই গোলেই এক পঞ্জিকাবর্ষে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোর সঙ্গী হলেন এই ফরাসি। দুজনই করেছেন ৫৯ গোল। রোনালদো ২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন। নিজের আইডলের রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ট্রেডমার্ক উদ্যাপন করেন এমবাপ্পে। একটু দৌড়ে শূন্য লাফ, মাটিতে পড়তে পড়তে হাত দুটি ছুড়ে দেন নিচের দিকে।
রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পেরে এমবাপ্পে সম্মানিত। রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোকে সেরা খেলোয়াড় বলেও মত তার। রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড় রোনালদোর মতো করতে পেরে আমি সম্মানিত।
এমবাপ্পে আসার আগেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। সাদা জার্সিতে না থাকলেও তিনি সময়ে সময়ে পরামর্শ দিয়েছেন বলে দাবি এমবাপ্পের। এটা আমার জন্য সম্মানের। আমি তাকে একটা চোখ টিপে দিতে চেয়েছিলাম কারণ সে সবসময় আমার প্রতি সদয় ছিল। আমাকে মাদ্রিদ সম্পর্কে ভালোভাবে কথা বলেছে, মাদ্রিদে কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং সবকিছুই। উদ্যাপনটা রোনালদোর জন্য ছিল বলেও নিশ্চিত করলেন। রিয়াল মাদ্রিদের জন্য গোল করতে পেরে ও ম্যাচ জিততে পেরে আমি এখন খুশি। উদ্যাপনটা তার (রোনালদো) জন্য ছিল।