সুখবর এসেছে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য। এখন থেকে প্রতি বছর পোশাক শ্রমিকরা বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন ৯ শতাংশ হারে। অর্থাৎ প্রতি বছর ৯ শতাংশ হারে তাদের বেতন বাড়বে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর কষাকষির পর এ হার চূড়ান্ত করেছে ইনক্রিমেন্ট বাড়ানো সংক্রান্ত বিষয়ে সরকারের গঠন করে দেওয়া কমিটি। এর আগে পোশাক শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধি হতো ৫ শতাংশ হারে।
সোমবার (৯ ডিসেম্বর) পোশাক শিল্প খাতের নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন ও বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয়বিষয়ক কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত হয়। বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির হার ৪ শতাংশ বাড়িয়ে ৯ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত চলতি ডিসেম্বর থেকেই কার্যকর হবে। সে হিসাবে আগামী বছরের প্রথম মাস জানুয়ারি মাসেই শ্রমিকরা ইনক্রিমেন্টের নতুন এই হার অনুযায়ী বেতন পাবেন। অর্থাৎ ডিসেম্বর মাসের বেতনের সঙ্গেই ইনক্রিমেন্ট বাড়তি হারে যোগ হবে।