দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চারমাথা এলাকায় ‘মদিনা সুপার আইসক্রিম’ নামের এক আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বরফজাত আইসক্রিম উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমান আদালত একটি অভিযান পরিচালনা করেছে। আজ শুক্রবার (৩১ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত রায়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুব হোসেন মেজর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই আইসক্রিম (বরফ) তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এসব তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের আলোকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানার ভেতরে ব্যবহৃত নোংরা পানি, অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। এ সময় কারখানা থেকে ১ হাজার পিস আইসক্রিম উৎপাদনের উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে বিপুল পরিমাণ আইসক্রিম পানিতে ফেলে ধ্বংস করা হয়।
হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচ/ইডি