হিলিতে মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার দিনাজপুর:
eshomoy.com || 2025-06-26
শিক্ষার্থীদের উপহার বিতরণ |ইসময়|
দিনাজপুরের হিলিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২৫’ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর আয়োজনে হিলি ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল হুদা খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন—মাদক কী, এর কুফল ও প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ে। তিনি বলেন, “শুধু হিলি সীমান্ত নয়, দেশের অন্য যেকোনো সীমান্ত পথ দিয়ে যাতে মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বাত্মক সতর্ক রয়েছে।” তিনি আরও বলেন, “মাদকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি জরুরি। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।”
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতাও।
জেএইচ/ইডি